বিনোদন ডেস্ক :
বলিউডে নিজের অবস্থান তৈরি করতে শুরুতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। অভিনয়ের স্বপ্ন পূরণে পোর্টফোলিও তৈরির জন্য একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। তখন মাকে কথা দিয়েছিলেন, একদিন এই টাকা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের গর্বিত করবেন।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতির কথা জানান দীপিকা। হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারের সময় ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে নিজের বাবা প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন ক্যারিয়ার নিয়েও কথা বলেন দীপিকা। তিনি জানান, এমন এক সময়ে তাঁর বাবা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন ভারতে এ খেলায় ক্যারিয়ার গড়ার সুযোগ খুব বেশি ছিল না। তখন অধিকাংশ মানুষ চিকিৎসক কিংবা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তাঁর বাবা বেছে নিয়েছিলেন খেলোয়াড়ের জীবন।
বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে দীপিকা জানান, বাবাকে খুশি করতে চাইলে তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারতেন। কিন্তু তাঁর বাবা সব সময় নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতেন।
দীপিকা বলেন, মাত্র ১৬ বছর বয়সেই বুঝতে পেরেছিলেন, তিনি অভিনেত্রী হতে চান। ক্যামেরার সামনে থাকতেই তাঁর সবচেয়ে ভালো লাগে।
ক্যারিয়ারের শুরুতে পোর্টফোলিও তৈরির জন্য মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, একদিন মাকে বসিয়ে টাকাটি ধার চেয়েছিলেন। সেই অর্থ দিয়ে নিজের পোর্টফোলিওর ছবি তুলতে চেয়েছিলেন। তখন মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন তাঁদের গর্বিত করবেন এবং ধার করা টাকাও ফিরিয়ে দেবেন।
২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘ছাপাক’, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
এবার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।