নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

ক্লাব বদলালেও বদলায় না কোচ, ডি লিখটের ক্যারিয়ারে অদ্ভুত এক অভিশাপ

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্লাব বদলালেও বদলায় না কোচ, ডি লিখটের ক্যারিয়ারে অদ্ভুত এক অভিশাপ
খেলাধুলা ডেস্ক :

ফুটবলে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে কোচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কোচের অধীনে দীর্ঘ সময় খেলার সুযোগ পেলে একজন ফুটবলার নিজের সামর্থ্য ও খেলার ধরন আরও ভালোভাবে বিকশিত করতে পারেন। তবে নেদারল্যান্ডসের ডিফেন্ডার মাথিস ডি লিখটের ক্যারিয়ার যেন এর সম্পূর্ণ বিপরীত। পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর থেকে প্রায় প্রতি মৌসুমেই নতুন কোচের অধীনে খেলতে হয়েছে তাঁকে।

আয়াক্স, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ডি লিখট। ক্লাব ও লিগ বদলানোর পাশাপাশি তাঁর ক্যারিয়ারে বদলেছে কোচের মুখও। টানা ১১ মৌসুমে ১১ জন ভিন্ন প্রধান কোচের অধীনে মৌসুম শুরু করার বিরল অভিজ্ঞতা রয়েছে এই ডাচ ডিফেন্ডারের। ফুটবলপ্রেমীদের কাছে বিষয়টি পরিচিতি পেয়েছে ‘কোচ পরিবর্তনের অভিশাপ’ হিসেবে।

২০১৬-১৭ মৌসুমে আয়াক্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ডি লিখটের। এরপর একে একে পিটার বস, মার্সেল কাইজার, এরিক টেন হাগ, মাউরিসিও সাররি, আন্দ্রেয়া পিরলো, মাসিমিলিয়ানো আলেগ্রি, ইউলিয়ান নাগলসমান, টমাস টুখেল, রুবেন আমোরিম ও মাইকেল ক্যারিকের অধীনে খেলেছেন তিনি। প্রতিটি মৌসুমেই নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে তাঁকে।

ম্যানচেস্টার ইউনাইটেডে এসেও সেই ধারার ব্যতিক্রম হয়নি। ক্লাবটিতে এরিক টেন হাগ ও রুবেন আমোরিমের পর দায়িত্ব পান মাইকেল ক্যারিক। এবার নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর নাম আলোচনায় রয়েছে। তাঁর সঙ্গে চুক্তি হলে ডি লিখটের কোচ পরিবর্তনের তালিকা আরও দীর্ঘ হতে পারে।

তবে চোটের কারণে সাম্প্রতিক মৌসুমে খুব বেশি মাঠে নামতে পারেননি এই ডিফেন্ডার। পিঠের দীর্ঘমেয়াদি চোট ও অস্ত্রোপচারের কারণে ২০২৬-২৭ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

লাইভ স্কোরের প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনো ইউনাইটেডের দায়িত্ব পেলে আগামী শীতকালীন দলবদলে ডি লিখটকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ফলে নতুন কোচের অধীনে তাঁর খেলা হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সব মিলিয়ে ডি লিখটের ক্যারিয়ারে কোচ বদলের এই অদ্ভুত ধারাবাহিকতা ফুটবলবিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই ‘কোচ পরিবর্তনের অভিশাপ’ থেকে কবে মুক্তি পান নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5109