আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল নাসেরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, রোগী ও তাঁদের স্বজন রয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হাসপাতালের একটি পাঁচতলা ভবনে আঘাত হানে। ভবনটিতে অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল।
হামলার পর হাসপাতালের ভবনটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ভেতরে ঘন ধোঁয়া ও দ্বিতীয় তলায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। বিস্ফোরণের আঘাতে চিকিৎসা সরঞ্জাম ও বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিভিল ডিফেন্সের এক মুখপাত্র প্রথমে হামলায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা অন্তত ছয়জন বলে জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একজন শীর্ষ নেতা ও সশস্ত্র শাখার সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালটি সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে হামাস এ অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে। সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে রোগী ও চিকিৎসাকর্মীদের হত্যার অভিযোগ তুলেছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বিশেষ সুরক্ষার আওতাভুক্ত। তবে কোনো চিকিৎসাকেন্দ্র সামরিক কাজে ব্যবহৃত হলে আন্তর্জাতিক আইনের নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে নাসের হাসপাতালে ইসরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছিলেন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর স্বাধীনভাবে প্রবেশের সুযোগ না থাকায় এসব হামলার ঘটনা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।