নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

কপ-৩১ সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পাঁচ দফা প্রস্তাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কপ-৩১ সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পাঁচ দফা প্রস্তাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু অর্থায়ন, ঋণ সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ বাস্তবতায় সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ, চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচটি প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদানভিত্তিক আর্থিক সহায়তা প্রয়োজন। এসব দেশের জন্য আধুনিক প্রযুক্তি ও অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার তিনি দেশের উদ্দেশে আন্তালিয়া ত্যাগ করেন।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5106