নিউজ বাংলা ডেস্ক :
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রকৃত সাংবাদিকদের নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন তথ্যভান্ডার তৈরির ক্ষমতা দেওয়া হতে পারে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটিকে।
তথ্যমন্ত্রী জানান, মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে কিংবা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে এবং প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগের প্রস্তাব রয়েছে।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।
তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলো।
প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।