খুলনা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া এলাকার হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জাকির হোসেনকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।