নিউজ বাংলা ডেস্ক :
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিনের মধ্যে গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) দেশে প্রবাসী আয় এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। এ সময়ে দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।