নিউজ বাংলা ডেস্ক :
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনা এবং আলোর উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
পঞ্জিকা অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে এ তিথি শেষ হবে। সাধারণত মধ্যরাতে কালীপূজা অনুষ্ঠিত হয়। একই তিথিতে অনেক ভক্ত লক্ষ্মীপূজাও করে থাকেন।
পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িঘর ও মন্দির সাজিয়েছেন নানা আয়োজনে। সন্ধ্যায় ঘরে ঘরে এবং শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলি উপলক্ষে মন্দির ও বাড়িতে জ্বালানো হয় অসংখ্য প্রদীপ ও মোমবাতি।
বাঙালি সংস্কৃতিতে শ্যামাপূজা ও দীপাবলির রয়েছে বিশেষ গুরুত্ব। বাংলাদেশের বাঙালি হিন্দুরা একে দীপাবলি এবং অবাঙালি হিন্দুরা দিওয়ালি নামে পালন করেন। ধর্মীয় এ উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ এ তিথিতে কালীপূজা উদযাপন করেন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে।