নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

প্রথমবার হরর সিনেমায় ভূমি পেডনেকর, মুক্তি পেতে পারে ২০২৭ সালে

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রথমবার হরর সিনেমায় ভূমি পেডনেকর, মুক্তি পেতে পারে ২০২৭ সালে
বিনোদন ডেস্ক :

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। এবার দর্শকদের সামনে একেবারেই নতুন রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো ভৌতিক বা হরর সিনেমায় অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘জানি দুশমন: ডর কে আগে মত হ্যায়’। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

ভূষণ কুমারের টি-সিরিজ ফিল্মস এবং প্রভলিন সান্ধুর অলমাইটি মোশন পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। ছবিটি পরিচালনা করছেন আরশাদ সৈয়দ। প্রযোজনার পাশাপাশি সৃজনশীল প্রযোজনার দায়িত্বেও থাকছেন রবি গ্রেওয়াল।

এর আগে ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিল প্রযোজনা সংস্থা দুটি। এবার অতিপ্রাকৃত কাহিনিনির্ভর নতুন সিনেমার মাধ্যমে আবারও এক হয়েছে তারা।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একজন মা ও তাঁর মেয়েকে ঘিরে। পারিবারিক সম্পর্কের আবেগ, নানা গোপন রহস্য এবং অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে কাহিনি। পারিবারিক নাটকের পাশাপাশি ভৌতিক আবহ ও অ্যাকশনের সংমিশ্রণে বড় পরিসরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা।

ছবির অ্যাকশন দৃশ্য, ভৌতিক মুহূর্ত এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যের দায়িত্বে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টান্ট বিশেষজ্ঞ পিটার পেড্রেরো। এর আগে ‘হ্যারি পটার’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘দ্য এক্সপেন্ডেবলস’, ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য কনজ্যুরিং’-এর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার। তিনি বলেন, অলমাইটি মোশন পিকচার্স তাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল সহযোগী। এর আগে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো হওয়ায় নতুন প্রকল্পেও তাদের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। ভূমি পেডনেকরের মতো অভিনেত্রী এবং পিটার পেড্রেরোর মতো দক্ষ স্টান্ট বিশেষজ্ঞের অংশগ্রহণ সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, অলমাইটি মোশন পিকচার্সের প্রতিষ্ঠাতা প্রভলিন সান্ধুও সিনেমাটি নিয়ে আশাবাদী। তাঁর মতে, ‘জানি দুশমন’ তাঁদের জন্য বিশেষ একটি প্রকল্প। এ সিনেমার মাধ্যমে রবি গ্রেওয়াল ও আরশাদ সৈয়দের সঙ্গে আবারও কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ভূমি পেডনেকরের অভিনয় এবং আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞের দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতীয় হরর সিনেমায় নতুন অভিজ্ঞতা উপহার দিতে চান তাঁরা।

সব মিলিয়ে নতুন ঘরানার এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ভৌতিক গল্পে নিজেকে মেলে ধরতে যাচ্ছেন ভূমি পেডনেকর। এখন অপেক্ষা ছবিটির মুক্তি ও বড় পর্দায় তাঁর নতুন চরিত্র দেখার।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5072