নিউজ বাংলা ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের বাসনা ছিল, যে যেখানে যাবে, সেখানেই চিরস্থায়ী হবে। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিল আরেক দল। সমস্ত কিছু দখল করে সংস্কার-বিচারের কথা বলে তাদের লক্ষ্য ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিল না।’
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়নি। এর পেছনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে। ইলিয়াস এখনো ফিরে আসেননি। যারা গুম হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন, তাঁদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত পৌঁছাতে কত ত্যাগ-তিতিক্ষা করতে হয়েছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা যেমন কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের অভ্যুত্থানও কারও একার অর্জন নয়। কেউ যদি এ অভ্যুত্থানের একক মালিকানা দাবি করতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত কারও মালিকানাই থাকবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘চব্বিশের মালিকানা যারা দাবি করতে থাকবেন, তাদের এই নবীনদের রাজনীতি নবীনই থেকে যাবে, কোনো দিন বড় হতে পারবে না। যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের মূল দায়িত্ব দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তা ভূমিকা রেখেছেন, তাঁদের কর্মকাণ্ডের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা করেছে। এ ধরনের আরও দুই-একটি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের নির্বাচনব্যবস্থা আরও বিশুদ্ধ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।