নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার দায় অস্বীকার করলে জার্মানি ছাড়তে হবে মুসলিম অভিবাসীদের

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার দায় অস্বীকার করলে জার্মানি ছাড়তে হবে মুসলিম অভিবাসীদের
আন্তর্জাতিক ডেস্ক :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর সংঘটিত গণহত্যা হলোকাস্টের ঐতিহাসিক দায় স্বীকার করতে হবে জার্মানিতে বসবাসরত সব অভিবাসীকে। এ দায় মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের জার্মানি ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

শুক্রবার (৬ নভেম্বর) বার্লিনে ম্যাকাবিয়া গেমসে জার্মানির প্রতিনিধিত্বকারী ইহুদি ক্রীড়াবিদদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে মের্ৎস বলেন, জার্মানির ঐতিহাসিক দায় ইসলামী দেশগুলো থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কেউ যদি এই দায় স্বীকার করতে ব্যর্থ হয়, তাহলে তাকে জার্মানি ছেড়ে যেতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে জার্মান বাস্কেটবল দলের এক কোচ চ্যান্সেলরকে জানান, তাঁর দলের ইহুদি খেলোয়াড়েরা জনসমক্ষে দলের জ্যাকেট পরতে ভয় পাচ্ছেন। কারণ, ওই জ্যাকেটে ইহুদি ধর্মের প্রতীক ‘স্টার অব ডেভিড’ রয়েছে। এ ঘটনার পরই ইহুদিদের নিরাপত্তা এবং হলোকাস্টের ঐতিহাসিক দায় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মের্ৎস।

বক্তব্যে তিনি ১৯৮৫ সালে জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে দেশটির সাবেক প্রেসিডেন্ট রিশার্ড ফন ভাইৎসেকারের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ উল্লেখ করেন। ওই ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যার মধ্য দিয়ে সংঘটিত গণহত্যার দায় স্বীকার এবং সেই ইতিহাসের মুখোমুখি হওয়ার গুরুত্ব তুলে ধরেছিলেন সাবেক প্রেসিডেন্ট।

ফন ভাইৎসেকার বলেছিলেন, বর্তমান প্রজন্মের তরুণেরা হলোকাস্টের জন্য সরাসরি দায়ী না হলেও এই ভয়াবহ ইতিহাসের উত্তরাধিকারের দায় তাদের বহন করতে হবে।

মের্ৎস বলেন, এই ঐতিহাসিক দায় পুরো জার্মান সমাজের জন্য প্রযোজ্য। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে তিনি চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে মনে করেন। একই সঙ্গে জার্মানিতে বসবাস করতে আসা অভিবাসীদেরও এই ইতিহাস ও দায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ইহুদিবিদ্বেষী ঘটনা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশটির ইহুদিবিদ্বেষবিষয়ক গবেষণা ও তথ্যকেন্দ্রগুলোর ফেডারেল অ্যাসোসিয়েশন রিয়াসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুধু বার্লিনেই ইহুদিবিদ্বেষী ২ হাজার ১৯৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর জার্মানির এক আইনপ্রণেতা মন্তব্য করেন, হলোকাস্টের পর থেকে দেশটিতে ইহুদিদের জীবন এখনকার মতো এতটা হুমকির মুখে আর কখনো পড়েনি।

তবে পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বার্লিনে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ কমেছে। ২০২৪ সালে এ ধরনের ২ হাজার ৫২১টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। তারপরও ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জার্মানির বিভিন্ন জনপরিসরে ইহুদি ও ইসরায়েলিদের জন্য বৈরী পরিস্থিতি ক্রমেই বাড়ছে। বিভিন্ন স্থানে তাদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার মুখে পড়তে হচ্ছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5069