নিউজ বাংলা ডেস্ক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব শোভাযাত্রায় হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি উদ্বোধন করে নিজেই এর নেতৃত্ব দেন তিনি।
বিএনপি ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ। নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড।
বিকেল ৩টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ ২০ বছর পর দলটি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। দলটির দাবি, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এ দিবসের ইতিহাস নিয়ে অপপ্রচার ও বিকৃতি করা হয়েছে। ফলে নতুন প্রজন্ম দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে যথাযথভাবে জানার সুযোগ পায়নি।
দলটির নেতারা মনে করছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত ইতিহাস ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।