নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

কারিগরি ত্রুটিতে আবেদন করতে পারেননি যারা, এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কারিগরি ত্রুটিতে আবেদন করতে পারেননি যারা, এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল
নিউজ বাংলা ডেস্ক :

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন কারিগরি ত্রুটির কারণে বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।

শিক্ষার্থীদের এ অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টা নির্ধারণ করা হলেও তা পরিবর্তন করে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর কেউ একাধিক বিষয়ে, আবার কেউ একাধিক পত্রে আবেদন করেছেন। ফলে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

সময়সীমা বাড়ানোর ফলে যেসব শিক্ষার্থী কারিগরি সমস্যার কারণে আবেদন করতে পারেননি, তাঁরা রোববার দুপুর ১২টার মধ্যে পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাবেন।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5066