নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারপ্রতি ১৮৯ টাকা ৩ পয়সা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারপ্রতি ১৮৯ টাকা ৩ পয়সা
অর্থনীতি ডেস্ক :

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। গত চার মাসে চার দফায় এই জ্বালানির দাম বাড়ানো হলো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন এ দাম বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, গত চার মাসে ধারাবাহিকভাবে বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। গত আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে আরও বেড়ে হয় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় প্ল্যাটস মূল্য এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্র নিষ্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১ জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটস মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয়ের ব্যবস্থা করে কমিশন।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5062