নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের আটক করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের আটক করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে কিশোর অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা পুলিশের আয়োজনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, যেসব শিক্ষার্থীর স্কুল-কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদের অনেককে বিকেলের পর রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। তারা রাস্তায় শিস দেয়, উচ্চ শব্দে হিন্দি গান বাজিয়ে সাধারণ মানুষের জন্য বিরক্তিকর পরিবেশ তৈরি করে। এসব কর্মকাণ্ডের পেছনে পারিবারিক শাসন ও নজরদারির অভাব রয়েছে কি না, তা অভিভাবকদের ভেবে দেখা প্রয়োজন।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিকভাবে অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়ালে সেটিকে শুধু তার ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে পরিবার, প্রতিবেশী ও সমাজের সবার দায়িত্ব রয়েছে। শিক্ষার্থী ও তরুণদের চলাফেরা এবং কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

তিনি আরও বলেন, আশপাশে যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ জানাতে হবে। অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

উন্নয়নের ধারণা তুলে ধরে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন প্রয়োজন। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5055