নিউজ বাংলা ডেস্ক :
অবশেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে শুরু হয়েছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ও তা জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ধাপে ধাপে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নানা ধাপ অতিক্রম করে শুক্রবার পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং তা জাতীয় গ্রিডে সঞ্চালনের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় প্রকল্পটি। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন সৃষ্টি করা হয়। এর ফলে নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরমাণুর বিভাজনের মাধ্যমে তাপশক্তি উৎপাদন শুরু হয়েছে, যা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ প্রকল্পের প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ আগেই সম্পন্ন হয়। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাও সম্পন্ন করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
প্রকল্পসংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে প্রথম ইউনিটের সক্ষমতার একটি অংশ হিসেবে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর পরীক্ষামূলকভাবে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন শেষে পর্যায়ক্রমে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোবে কেন্দ্রটি।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে পারমাণবিক জ্বালানিও বাংলাদেশে আসতে শুরু করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো।