1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিআরটি এর উদ্যোগে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৭ পরিবারকে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে রোড শো ও সড়ক নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট বিভাগীয় কার্যালয় ও সিলেট সার্কেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত রোড শো শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (অতিরিক্ত সচিব)। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন; সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এবং বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আবদুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে একে অপরকে দোষারোপ না করে সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রফিকুল ইসলাম এবং সিলেট জেলার বাস ও ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে সিলেট জেলার চারজন সেরা চালককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের মোট ১৭টি পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে প্রাপ্ত সর্বমোট ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত