1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম সামরিক সংলাপ সম্পন্ন, সহযোগিতা জোরদারে গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংলাপ শেষ হয়। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সংলাপ শুরুর আগে গত ২৬ অক্টোবর সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে এস কর্নেলিয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) কৌশল ও পরিকল্পনাবিষয়ক উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের পক্ষে সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা সম্প্রসারণ, পারস্পরিক দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিশেষ করে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত এই সামরিক সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা উন্নয়ন এবং দুই দেশের দীর্ঘমেয়াদি সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত