1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন অধ্যায়
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা।
বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও সরকারি বার্তায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে বাংলাদেশের নতুন সরকারকে জাপান জোরালোভাবে সমর্থন করবে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ উদ্যোগের ঘোষণা
দুই দেশের শীর্ষ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনৈতিক সহযোগিতার নতুন রূপরেখা। বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি হিসেবে পরিচিত ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামে নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোর ঘোষণা দেওয়া হয়।
নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সমৃদ্ধির নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১৭ কোটি মানুষের বিশাল ও তরুণ জনগোষ্ঠীর এই দেশে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশের প্রতি জাপানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার স্বীকৃতি
বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের স্বীকৃতি এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে দেশটির পথচলার বিষয়টিও উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে জাপান সরকার ও জনগণের দেওয়া বহুমুখী সহায়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই দেশের নেতারা সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়িয়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার নতুন পথ উন্মোচিত হয়েছে। বিশেষ করে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন কাঠামোয় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত