1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২ হাজার ৭১ জন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ডেঙ্গুর প্রকোপে দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছুঁয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ১১ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৪১৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু এবং দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। এ অবস্থায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত