1
2
| প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর ভাটারায় ভাড়া দেওয়া বাড়িতে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে ওই বাড়িতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আদেশে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার অধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাড়িটি অনলাইন ভাড়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষের যাতায়াত ছিল। সেখানে মাদকসেবন ও ডিজে পার্টির আয়োজন করা হতো বলে গোয়েন্দা তথ্য পায় ডিবি।
এর ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাতে বাড়িটিতে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। অভিযান চলে পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত। এ সময় ২৬ জন নারীসহ ৮৪ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মাদক সেবনের উদ্দেশ্যে যেতেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে বাড়িতে মাদক উদ্ধার ও আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশের বাইরে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত