1
2
| প্রকাশের তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জামায়াত কোনোদিনই জনগণের নয়, দলীয় স্বার্থে রাজনীতি করেছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই জাতীয় ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘১৯৭১, ১৯৮৬ ও ২০২৪- সব সময়ই জামায়াত দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।’
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জামায়াত সব সময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র বিলীন হয়ে যাওয়ার পর তা পুনরুজ্জীবিত করতে বিএনপি আত্মত্যাগ করেছে এবং রক্তঝরা আন্দোলন চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
রেমিট্যান্স শাটডাউনের হুমকি নিয়ে প্রশ্ন
রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে রিজভী বলেন, একজন ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে একটি ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের উদ্যোগ কীভাবে সম্ভব।
তিনি বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু বিদেশে কর্মরত সব বাংলাদেশি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী? প্রবাসীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন। পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন সাধারণ মানুষও রয়েছেন।
রিজভী আরও বলেন, বিদেশে কর্মরত সব বাংলাদেশির ওপর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা কোথা থেকে আসবে, তা স্পষ্ট করতে হবে। এ ধরনের উদ্যোগ নিতে হলে বৈধ আইনি ভিত্তি থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত