1
2
| প্রকাশের তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সাব্বিরের হ্যাটট্রিক, ওয়ান্ডারার্সকে ৭ গোলের বন্যায় ভাসাল বসুন্ধরা কিংস
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
শুরুতেই জোড়া গোল, বিরতির আগে গোলরক্ষকের লাল কার্ড—ঢাকা ওয়ান্ডারার্সের জন্য ম্যাচটি দুঃস্বপ্নে পরিণত হয়। প্রতিপক্ষকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। ক্যারিয়ারে প্রথমবার হ্যাটট্রিক করে জয়ে বড় অবদান রেখেছেন সাব্বির হোসেন।
ঘরের মাঠ এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সাব্বির হোসেন, জোড়া গোল করেছেন রাকিব হোসেন। এ ছাড়া একটি করে গোল করেন নেপালের ফরোয়ার্ড মনীশ ডাঙ্গি ও আব্দুল্লাহ।
ম্যাচের শুরু থেকেই ওয়ান্ডারার্সের ওপর চড়াও হয় কিংস। খেলা শুরুর মাত্র ২৮ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মনীশ ডাঙ্গি। কিংসে ফেরা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনহোর পাস থেকে গোলটি করেন নেপালি ফরোয়ার্ড।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে কিংস। ম্যাচের পঞ্চম মিনিটে জালের দেখা পান সাব্বির হোসেন। এর আগে ফেডারেশন কাপেও ওয়ান্ডারার্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিরতির আগে আরও বড় ধাক্কা খায় ওয়ান্ডারার্স। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলবার ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করার চেষ্টা করেন গোলরক্ষক জসিম উদ্দিন। প্রথমবার বল ঠেকাতে পারলেও ফিরতি আক্রমণে কিংসের এক খেলোয়াড়ের শট হাত দিয়ে আটকে দেন তিনি। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়ান্ডারার্স। বিরতির পরপরই, ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সাব্বির। এরপর ম্যাচের ৬৯ মিনিটে রাকিব হোসেনকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান রাকিব।
ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে কিংস। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। এর ঠিক পরের মিনিটেই, ৮৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাব্বির। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। অন্যদিকে, আব্দুল্লাহও নাম লেখান গোলদাতাদের তালিকায়।
শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। চলতি বাংলাদেশ ফুটবল লিগে এটিই তাদের প্রথম জয়। মৌসুমের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ড্র করেছিল দলটি।
উল্লেখ্য, ফেডারেশন কাপের সর্বশেষ দেখায়ও ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। এবার লিগের ম্যাচে সাত গোল করে প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও স্পষ্ট করল কিংস।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত