1
2
| প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পেছন থেকে ছবি তোলায় আলোকচিত্রীদের থামালেন মানুষী চিল্লার
নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :
বিমানবন্দরে তারকাদের ঘিরে আলোকচিত্রীদের ব্যস্ততা নতুন কিছু নয়। তবে ক্যামেরার সামনে সব সময় স্বস্তিতে থাকেন না তারকারা। এবার পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়ে আলোকচিত্রীদের ছবি মুছে দেওয়ার অনুরোধ করেছেন বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার।
মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় মানুষীকে। গাড়ি থেকে নামার পর হাসিমুখে আলোকচিত্রীদের সামনে পোজ দেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি পাপারাজ্জিদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী।
তবে বিমানবন্দরের ভেতরে প্রবেশের সময় পরিস্থিতি কিছুটা বদলে যায়। মানুষীর পেছন দিক থেকে কয়েকজন আলোকচিত্রী ছবি তুলছিলেন। বিষয়টি চোখে পড়তেই তাদের থামিয়ে দেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’
নিজের আপত্তির কথা জানানোর পরও আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন মানুষী। তাদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিদায় জানান এবং এরপর বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।
তারকাদের ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত স্বস্তি ও গোপনীয়তার বিষয়টি নিয়ে আগেও একাধিকবার আলোচনা হয়েছে। বিশেষ করে অস্বস্তিকর দৃষ্টিকোণ থেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে বিভিন্ন তারকা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
মানুষীর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রীও এ ধরনের ছবি তোলার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত