1
2
| প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রয়াত হারুন রশিদের মানবিকতার স্মরণে কাওছার পেলেন পাকা ঘর
নিজস্ব প্রতিবেদক
ওসমানীনগর প্রতিনিধি :
প্রয়াত সাংবাদিক হারুন রশিদ তাঁর ক্ষুরধার লেখনী, সংবাদ পরিবেশন ও কর্মতৎপরতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, মানুষের দুর্ভোগ ও বঞ্চনার চিত্র তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন।
তিনি বলেন, “হারুন রশিদ ছিলেন একজন কর্মচঞ্চল, সাহসী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। ফেসবুক লাইভ ও সংবাদ প্রতিবেদনের মাধ্যমে তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, দাবি ও দুর্ভোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেন। সাংবাদিকতার পাশাপাশি অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
রোববার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের জন্য নির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত সাংবাদিক হারুন রশিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির যৌথ অর্থায়নে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের জন্য পাকা ঘরটি নির্মাণ করা হয়েছে। এটি সংগঠন দুটির যৌথ উদ্যোগে বাস্তবায়িত ২৭তম মানবিক প্রকল্প।
নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হুশির মিয়া।
বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মানবিক কর্মকাণ্ডের স্মৃতি ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
আলোচনা সভা শেষে অতিথিরা শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের হাতে নবনির্মিত পাকা ঘরের চাবি তুলে দেন।
এ সময় নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত