1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পলায়নের অভিযোগে আসাদুজ্জামানসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময়ে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের মধ্যে সাবেক এসপি আসাদুজ্জামান ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় যোগ দেওয়ার পর ছুটিতে যান। ছুটি শেষে তিনি আর কর্মস্থলে যোগ দেননি। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত