1
2
| প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
উপকূলে নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানিদূষণ রোধে কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে নতুন টহল নৌযান ও আধুনিক উদ্ধারকারী হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়।
কোস্টগার্ডের মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি বাহিনীর উন্নয়ন ও কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত