নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ বাংলা ডেস্ক :

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেকটা পিছিয়ে রয়েছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তার সঙ্গে এবারের জাতিসংঘের ‘এসডিজি মোমেন্ট’-এর মূল ভাবনারও মিল রয়েছে। জাতিসংঘ বলছে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করতে শক্তিশালী অংশীদারত্ব, সম্মিলিত দায়িত্ব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বনেতারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছেন। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/4922