1
2
| প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নেশনস লিগের দলে রোনালদো, অবসর নিয়ে রাখলেন বড় ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
কোচ আসেন, কোচ যান—কিন্তু পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা যেন চিরস্থায়ী। প্রায় দুই যুগ ধরে পর্তুগালের একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই কিংবদন্তিকে রেখেই নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন রোনালদো। তবে ৪১ বছর বয়সেও ফুটবল থেকে দূরে সরে যাওয়ার কোনো লক্ষণ নেই তাঁর। বরং নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোতেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে।
তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক রোনালদো আগেই ইঙ্গিত দিয়েছেন, তাঁর ক্যারিয়ার শেষের পথে। অবসর নিয়ে তিনি বলেছেন, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর। আর আমি চাই নিজের একটা দারুণ ছাপ রেখে যেতে।’
নতুন কোচ জেসুস বিশ্বকাপের দল থেকে চারটি পরিবর্তন এনেছেন। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে ঢুকেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
নেশনস লিগের ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আসর শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে খেলবে পর্তুগাল। ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার পর ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে তারা।
পর্তুগালের দলে গোলকিপার হিসেবে রয়েছেন দিয়োগো কস্তা, রুই সিলভা ও স্যামুয়েল সোয়ারেস। ডিফেন্ডার হিসেবে আছেন রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস ও নুনো তাভারেস।
মিডফিল্ডে রয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও পলহিনহা। আর আক্রমণভাগে রোনালদোর সঙ্গে রয়েছেন গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা ও ফ্রান্সিসকো কনসেইসাও।
জাতীয় দলের হয়ে রোনালদোর এটি হতে পারে শেষ বছরের যাত্রা। তাই নেশনস লিগে তাঁর উপস্থিতি পর্তুগাল সমর্থকদের জন্যও বাড়তি আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত