1
2
| প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সৌদির কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ অনুমোদনের কথা জানায়। তবে চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
প্রস্তাবিত চুক্তির আওতায় ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি এফ১৩৫ ইঞ্জিন, যোগাযোগ ও বৈদ্যুতিক যুদ্ধব্যবস্থা, প্রশিক্ষণ, সিমুলেটর, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়তা সরঞ্জাম ও সেবা রয়েছে।
দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়ে আসছে রিয়াদ। মধ্যপ্রাচ্যে বর্তমানে ইসরায়েলই এফ-৩৫ ব্যবহার করছে। সৌদি আরব এই যুদ্ধবিমান পেলে দেশটি হবে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় এফ-৩৫ ব্যবহারকারী দেশ।
এফ-৩৫ অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডারে শনাক্ত করা কঠিন। আকাশ ও স্থল উভয় ধরনের লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সক্ষমতা রয়েছে এ যুদ্ধবিমানের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত বিক্রি সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাশাপাশি মার্কিন বাহিনীর সঙ্গে সৌদি বাহিনীর সমন্বয় সক্ষমতাও উন্নত হবে।
সৌদি দূতাবাস এই সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য, এটি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার শক্ত ভিত্তির প্রতিফলন।
তবে সৌদির কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, প্রস্তাবিত বিক্রির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার দীর্ঘদিনের মার্কিন নীতি বিবেচনায় নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই বিক্রি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আনবে না।
এদিকে সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিয়েও যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি-চীন সহযোগিতার মাধ্যমে এফ-৩৫-এর সংবেদনশীল প্রযুক্তি বেইজিংয়ের হাতে পৌঁছানোর ঝুঁকি থাকতে পারে।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ইরান-সমর্থিত হুতিদের হামলার পাশাপাশি আঞ্চলিক সংঘাতের প্রভাবের মুখে পড়েছে।
চলতি বছর সৌদি আরবের জন্য আরও কয়েকটি বড় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে বিপুলসংখ্যক বোমা, ট্যাংকের ইঞ্জিন এবং রকেটকে নির্ভুল অস্ত্রে রূপান্তরের সরঞ্জামও রয়েছে। এফ-৩৫ চুক্তির ক্ষেত্রে অবশ্য এখনো সরবরাহের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত