1
2
| প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ : দুদক
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সুইস ব্যাংকে অর্থ জমা রাখা এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।
তিনি বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ, জেলা প্রশাসক পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের দরপত্র, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, সায়েদাবাদ পানি শোধনাগার ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।
এ ছাড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচার করে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সম্পদ গড়ে তোলা এবং সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগ রয়েছে বলে জানান তানজির আহমেদ।
দুদক সূত্রে আরও অভিযোগ করা হয়েছে, আসিফ মাহমুদের বাবা, ব্যক্তিগত সহকারী (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)-এর বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ লেনদেনে তদবির এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
তানজির আহমেদ বলেন, অভিযোগটি যাচাই-বাছাই শেষে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত