1
2
| প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও ১৬ জলকপাট খুলে দেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় এবং রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙনের ঘটনা ঘটায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে দেওয়া হয়েছে। হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে পর্যায়ক্রমে পানি নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটগুলোর খোলার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়।
পরে হ্রদের পানির উচ্চতা কমে এলে পর্যায়ক্রমে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে সম্প্রতি আবারও কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। অতিরিক্ত পানি ধারণের ঝুঁকি এড়াতে এবং আশপাশের এলাকায় সম্ভাব্য জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে স্পিলওয়ের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত