1
2
| প্রকাশের তারিখঃ ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনে বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলা ও সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের বহুমুখী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তি, উন্নয়ন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই উদ্বোধনী বৈঠকের মধ্য দিয়েই ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ড. খলিলুর রহমানের ইউএনজিএ সভাপতির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত