নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রতিনিধি :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা
বাংলাদেশের মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিশ্বের অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে রয়েছে, প্রয়োজন অনুযায়ী সেখানেই বাংলাদেশ যুক্ত হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বার্তা
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। দুই দেশের মধ্যে ‘হাজার সমস্যা’ থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। পারস্পরিক স্বার্থ ও প্রয়োজনের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি খাতে সর্বোচ্চ গুরুত্ব
জ্বালানি খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ খাতের সংকট সমাধানে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সরকার জ্বালানি খাতের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, জ্বালানি খাতে অতীতে কী ধরনের দুর্নীতি হয়েছে, তা দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। বর্তমান সরকার এ খাতকে আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে কাজ করছে।
বোয়িং কেনায় কোনো চাপ নেই
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ নেই বলেও স্পষ্ট করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে, এমন কোনো চাপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি। বাংলাদেশের নিজস্ব চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বোয়িং বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানো হবে ধাপে ধাপে
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে।
তিনি জানান, এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কর্মপ্রত্যাশীদের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কলকাতায় বাংলাদেশিদের হয়রানির অভিযোগ
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না দেওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হলে বিষয়টি যথাযথভাবে মন্ত্রণালয়ের নজরে আনা প্রয়োজন। অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময়কালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।