1
2
| প্রকাশের তারিখঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় বগুড়ার শিবগঞ্জে গুরুতর আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন।
পথে দুর্ঘটনাস্থলে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন ফিরোজা বেগম। এ সময় তিনি প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন। পরে প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত