1
2
| প্রকাশের তারিখঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত তিনজন
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট সংবাদদাতা :
জয়পুরহাটের কালাইয়ে সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ ঘটনায় প্রতিমন্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ সড়কে উঠে আসা এক নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত নারী ফিরোজা বেগম (৫৫) কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি কাজে জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ সড়কে উঠে এলে তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির গতি ও দিক পরিবর্তনের চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।
খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন। পরে তাকে কালাই হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী গানম্যান মুক্তারুলও আহত হয়েছেন।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তার পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত