1
2
| প্রকাশের তারিখঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে সোনা সরিয়ে ব্রিটেনে নিল নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য বড় ধরনের সংকটের ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা নিজেদের সোনার মজুদের একটি বড় অংশ ব্রিটেনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, ভবিষ্যতে কোনো বড় সংকট দেখা দিলে যাতে সোনার মজুদ দ্রুত ব্যবহার করা যায়, সে প্রস্তুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি) জানিয়েছে, সোনার মজুদের অবস্থান পুনর্বিন্যাসের মাধ্যমে তারা ‘তীব্র সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত’ হতে চায়। তবে কী ধরনের সংকটের আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট করেনি ব্যাংকটি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে বিরোধ তীব্র হয়েছে। পাশাপাশি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি, ভেনেজুয়েলা ও কিউবাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েনও বেড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ ও দ্রুত ব্যবহারযোগ্য স্থানে সোনার মজুদ রাখার কৌশল নিয়েছে নেদারল্যান্ডস।
ডিএনবির প্রেসিডেন্ট ওলাফ স্লেইপেন বলেন, সোনার মজুদের অবস্থান পরিবর্তনের ফলে তা প্রয়োজনের সময় আরও সহজে বাজারে লেনদেনযোগ্য হয়েছে। তবে সোনার মজুদ কখনো ব্যবহার করতে না হয়, সেটিই প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
নেদারল্যান্ডসের সোনার মজুদ কত?
নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ৬১২ দশমিক ৪ টন সোনা রয়েছে। বর্তমান বাজারমূল্যে এর মূল্য প্রায় ৭২ দশমিক ২ বিলিয়ন ইউরো বা ৮৩ দশমিক ৮ বিলিয়ন ডলার।
সম্ভাব্য আর্থিক সংকটের সময় নিয়মিত ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থা অচল হয়ে পড়লে এই সোনার মজুদ দেশের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পদ হিসেবে কাজ করতে পারে।
ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন দেশ সাধারণত নিজেদের সোনার মজুদ একাধিক দেশ ও নিরাপদ স্থানে ভাগ করে রাখে। নেদারল্যান্ডসও এতদিন নিজেদের সোনা দেশটির জেইস্ট শহরের ক্যাশ সেন্টারের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সংরক্ষণ করে আসছিল।
সাম্প্রতিক স্থানান্তরের আগে নেদারল্যান্ডসের মোট সোনার মজুদের ৩০ দশমিক ৮ শতাংশ ছিল জেইস্টে, ১৮ দশমিক ১ শতাংশ লন্ডনে এবং ৩১ দশমিক ৩ শতাংশ নিউইয়র্কে। বাকি অংশ ছিল কানাডাসহ অন্যান্য সংরক্ষণস্থলে।
কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে স্পষ্ট হচ্ছে, সম্ভাব্য ভূরাজনৈতিক ও আর্থিক অস্থিরতার সময়ে সোনার মজুদ দ্রুত ব্যবহারযোগ্য রাখাকে এখন আরও বেশি গুরুত্ব দিচ্ছে নেদারল্যান্ডস।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত