1
2
| প্রকাশের তারিখঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাহাড়ে বাঙালিদের করমুক্তি ও ব্যাংক ঋণ চালুর দাবিতে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
এলেক্স বড়ুয়া :
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে পার্বত্য অঞ্চলের বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম দ্রুত চালুর দাবি জানানো হয়েছে।
আয়কর মওকুফে বৈষম্যের অভিযোগ
পিসিএনপির স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকার পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর মওকুফের প্রস্তাব করলেও একই অঞ্চলে বসবাসকারী পিছিয়ে পড়া বাঙালিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে।
সংগঠনটির নেতারা দাবি করেন, দীর্ঘদিন ধরে করমুক্ত সুবিধা পাওয়ার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি অংশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও বাঙালিরা করের বোঝা বহন করে ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের মতে, এ ধরনের বৈষম্য নাগরিকদের সমঅধিকারের সাংবিধানিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ চালুর দাবি
স্মারকলিপিতে আরও বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এর ফলে সোনালী, ইসলামী, জনতা ও রূপালী ব্যাংকসহ ১৭টি ব্যাংকের ঋণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
পিসিএনপির নেতাদের দাবি, বাজারফান্ড এলাকায় বসবাসকারী মানুষের বড় একটি অংশ বাঙালি। ব্যাংক ঋণ সুবিধা বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মূলধনের সংকটে পড়েছেন এবং স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
সংগঠনটির নেতারা বলেন, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই পাহাড়ে স্থায়ী শান্তি আনা সম্ভব।
তাদের অভিযোগ, শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। পার্বত্য চুক্তির সুবিধার ক্ষেত্রেও বাঙালিরা তুলনামূলকভাবে বঞ্চিত বলে দাবি করেন তারা।
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থায়ী শান্তি বজায় রাখতে বাঙালিদের আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম দ্রুত চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান পিসিএনপির নেতারা।
স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবসারসহ বান্দরবান জেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত