1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা আবেদনকারীদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর ও কার্যকর করতে বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে সমন্বয় করতেই ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।
তবে প্রশিক্ষণ কতদিন চলবে কিংবা কবে থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারীদের শনাক্ত করার সক্ষমতা বাড়ানো, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভিসা আবেদনকারীদের আরও সামগ্রিক ও ধারাবাহিকভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারিত থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলেও তাদের অবহিত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা এসেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় ও বহিষ্কার অভিযান জোরদারের পাশাপাশি ভিসা ও গ্রিন কার্ড বাতিলের ঘটনাও ঘটছে। রাজনৈতিক মতাদর্শ এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণের মতো বিষয়ও ভিসা যাচাইয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।
প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকার সংগঠনগুলো এ নীতির সমালোচনা করে বলছে, এতে বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে আইনি বাধাও দেখা দিয়েছে। সম্প্রতি এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করে দেন। বিচারকের মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
সব মিলিয়ে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অভিযান এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নীতির প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত