1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের আগ্রহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই।’
তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ ও স্বীকৃত দেশ হিসেবে বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। মধ্যপ্রাচ্যের অংশীজন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। বিভিন্ন পক্ষ বাংলাদেশকে তাদের উদ্যোগ ও আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে সবসময়ই বিশেষ জায়গা দখল করে আছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি বা প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না। বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত