1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সংকটের মধ্যেও সরকার দায়বদ্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান সংকটের পেছনে প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব দেশের গ্যাস ও এলএনজি সরবরাহ ব্যবস্থায় পড়েছে।
তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। কোথাও কোথাও এর প্রভাবে কলকারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়েছে।
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে রিজভী বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা পুরোপুরি ঠিক করা হয়েছে। ইতোমধ্যে এলএনজিবাহী কার্গো এসে পৌঁছেছে এবং সরবরাহও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে লোডশেডিংও আগের তুলনায় কমে এসেছে।
রিজভী বলেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত