1
2
| প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। বৈধ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেন।
পরে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শুরু হয় ব্যালট গণনা।
গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
ইসির প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত