1
2
| প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিক্ষকদের প্রাপ্য টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনের মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য অর্থ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিজ নিজ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যতদিন বর্তমান নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ধরনের ভোগান্তি কিংবা মধ্যস্বত্বভোগীর হয়রানিও তাদের সহ্য করতে হবে না।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য অর্থ সহজ ও স্বচ্ছভাবে তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে এই অর্থ সরাসরি শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার শিক্ষা-শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, খালেদা জিয়ার চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশ এসব উদ্যোগকে মডেল হিসেবে অনুসরণ করছে বলেও দাবি করেন তিনি।
অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ সংকটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে ব্যাপক লুটপাট করেছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থে গঠিত দুটি তহবিলও সেই লুটপাট থেকে রেহাই পায়নি।
তিনি অভিযোগ করেন, জাল ইনডেক্স তৈরি, অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংসের মাধ্যমে তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল।
তবে এসব সংকট কাটিয়ে শিক্ষকদের প্রাপ্য অর্থ সহজে ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষকদের আর পাওনা অর্থের জন্য হয়রানির শিকার হতে হবে না।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত