1
2
| প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাঙ্গামাটিতে সতর্ক অবস্থানে ছাত্রদল, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি
নিজস্ব প্রতিবেদক
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল। জেলা বিএনপির নির্দেশনায় শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং সাংগঠনিক তৎপরতাও জোরদার করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের নির্দেশনায় কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদল নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে জন্য তারা সাংগঠনিকভাবে সতর্ক রয়েছেন।
তারা বলেন, গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও শহরের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সাধারণ মানুষের জানমাল, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারা।
ছাত্রদল নেতারা আরও বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে নেতাকর্মীদের উত্তেজিত না হয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া গেলে দ্রুত সাংগঠনিকভাবে সমন্বয় করার প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানান ছাত্রদল নেতারা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত