1
2
| প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মার্কিন রণতরী আব্রাহাম লিংকন নিয়ে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ সেন্টকমের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, কিছু প্রতিবেদনে ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হওয়ার দাবি করা হয়েছে। আবার কিছু প্রতিবেদনে রণতরীটিতে আত্মহত্যার ঘটনা বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা।
সেন্টকম জানায়, মার্কিন নৌবাহিনীর সব বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের পুনরায় দায়িত্বে যোগদানের হার অন্যতম সর্বোচ্চ, যা ৮৪ দশমিক ৪ শতাংশ।
মার্কিন সামরিক কমান্ডের তথ্যমতে, টানা ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান, ১০ হাজারের বেশি বিমান উড্ডয়ন এবং ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরও আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিন সদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সেন্টকম আরও দাবি করেছে, সম্প্রতি রণতরীটিতে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি। তবে গত ৩ আগস্ট এক নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আব্রাহাম লিংকনের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ মোতায়েন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার শুধু মিথ্যা নয়, এটি দায়িত্ব পালনরত মার্কিন সামরিক সদস্য ও তাদের পরিবারের প্রতিও অন্যায্য।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত