1
2
| প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পুলিশের ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সরকার সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলো শুক্রবার প্রকাশ্যে আসে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সাতজন এএসপি হলেন- র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম।
এ ছাড়া বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ জন পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা পুলিশ, মহানগর পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ এবং পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
তবে বিধি অনুযায়ী অবসরে যাওয়া এসব কর্মকর্তা অবসরজনিত সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত