1
2
| প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাঙ্গামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে সমাবেশ-মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ডিবিসি নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর দে, সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ দে, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া এবং রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দেসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মামলা প্রত্যাহার করে সৈকত রঞ্জন চৌধুরীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকার শাহবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। মামলার এজাহারে অভিযোগ করা হয়, তার মুখ সুপারএডিট করে অন্য একটি নগ্ন দেহের সঙ্গে যুক্ত করে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ওই মামলায় গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফটকের সামনে থেকে গোয়েন্দা পুলিশ সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করে। একই মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও এক নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত