1
2
| প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে লামায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার :
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বান্দরবানের লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সৌজন্যে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের শুধু চারা বিতরণই নয়, বরং বৃক্ষরোপণ, পরিচর্যা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের বিকল্প নেই। নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে। একটি গাছ লাগানোর মধ্যেই দায়িত্ব শেষ নয়; বরং সেটিকে পরিচর্যা করে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করাই প্রকৃত দায়িত্ব।
বক্তারা উল্লেখ করেন, একটি বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং মাটির ক্ষয়রোধ, বৃষ্টিপাতের স্বাভাবিকতা বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণে আরও উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত