1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছে বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রকল্প এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।
এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে সকাল ৯টা ১৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত