1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে একাধিক মামলার আসামি কাজী আল তারিক আটক
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাজী আল তারিককে (৪২) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক কাজী আল তারিক পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুরের বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। দিনাজপুরের বিরামপুর বাস টার্মিনাল এলাকায় হাইওয়ে পেট্রোল পুলিশের সহযোগিতায় ঢাকাগামী ‘আহাদ’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে বাস থেকে কাজী আল তারিককে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত